মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় শহরের পাঁচ শহীদের স্মরণে নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, জুলাই যোদ্ধা এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেদ আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব হোসেন আজাদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সদর উপজেলার মীরগড় এলাকায় নির্মিত ‘শহীদ স্মৃতিবন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। বক্তারা শহীদদের আত্মত্যাগ ও সাহসী সংগ্রামকে স্মরণ করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে হবে।”
দিবসটি উপলক্ষে বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘জুলাই দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। সন্ধ্যায় ছিল 'জুলাই বিজয় উদযাপন কনসার্ট'।
পঞ্চগড়বাসী দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধাভরে স্মরণ করেছে ২০২৪ সালের সেই সাহসী শহীদ সন্তানদের, যারা অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.