তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের প্রথম বর্ষ উপলক্ষে ভোলার চরফ্যাশনে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে চরফ্যাশন শহর থেকে একটি বিশাল বিজয় র্যালি বের হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ-সদস্য নাজিম উদ্দিন আলম। র্যালিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ডসহ অংশগ্রহণ করেন। বিভিন্ন মিছিল ও স্লোগানে উঠে আসে, "ফ্যাসিবাদ নিপাত যাক", "নিরপেক্ষ নির্বাচনের দাবি মানতেই হবে", "শেখ হাসিনার বিচার চাই"—ইত্যাদি প্রতিবাদী আহ্বান।
র্যালি শেষে ফ্যাশন স্কয়ারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন,“আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের গণতন্ত্র, বিচার বিভাগ এবং ভোটাধিকার ধ্বংস করেছে। গত ১৭ বছর ধরে তারা দেশকে শোষণ ও দুঃশাসনের চরম পর্যায়ে নিয়ে গেছে। এখন সময় এসেছে জনগণের অধিকার ফিরিয়ে আনার।”
তিনি আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেটা কেবলমাত্র একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই সম্ভব।”
নাজিম উদ্দিন আলম দাবি করেন,“২০২৪ সালের ৫ আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল, তা ছিল জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র-জনতা ঐদিন রাস্তায় নেমে এসেছিল। আজকের এই দিনে শহীদদের স্মরণ করেই আমাদের শপথ নিতে হবে—এই ফ্যাসিবাদ যেন আর কখনো মাথা না তুলতে পারে।”
তিনি আরও বলেন, "পিআর পদ্ধতিতে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ভোট হলে জনগণ নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন থেকে বঞ্চিত হবে। এতে স্থানীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।"
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা আশরাফুর রহমান দিপু ফরাজী, শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের নেতা কালাম আজাদ মীর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.