শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠেকাতে এবং কিছু কিন্ডারগার্টেন শিক্ষকের 'উদ্ধত আচরণের' প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনের মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বাবর আলী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, সহকারী শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মূলত দরিদ্র পরিবারের শিশুরা পড়ালেখা করে। তাদের জন্য বৃত্তি অত্যন্ত প্রয়োজন। অথচ স্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা কিন্ডারগার্টেনে পড়ে এবং তারা আলাদাভাবে বৃত্তির সুযোগ পায়। তাই সরকারি বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণ যৌক্তিক নয়।”
তারা আরও বলেন, “কিছু কিন্ডারগার্টেন শিক্ষক সরকারের সিদ্ধান্তকে অমান্য করে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” পাশাপাশি সরকার চাইলে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য পৃথক বৃত্তির ব্যবস্থা করতে পারে বলেও মত দেন শিক্ষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.