নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে, চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় তুহিন একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং জবাই করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।
নিহত সাংবাদিক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি পরিবারসহ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
হত্যার কয়েক ঘণ্টা আগে তুহিন চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয়ে একটি ফেসবুক লাইভ করেন। পরে রাতে নিজের ফেসবুক পেজে আরও একটি ভিডিও পোস্ট করে সড়কজট এবং ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য করেন।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.