যশোর প্রতিনিধি
ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার একটি মামলার আসামি যুবলীগ নেতা মো. এনামুল হক ও মো. রোবেল হোসেনকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে নিয়েছে। শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন চলাকালে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এনামুল হক (টাঙ্গাইল সদর) ও রোবেল হোসেন (চরফ্যাশন, ভোলা) ঢাকা দক্ষিণ যুবলীগের সক্রিয় নেতা এবং পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা যাত্রাবাড়ী থানার সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, তাদের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা এবং ময়মনসিংহের একটি মামলায় নাম রয়েছে, তবে আসামির তালিকায় নেই। অন্যান্য থানায় মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের হেফাজতে নেওয়া হয়। যাত্রাবাড়ীর মামলাটি সিআর হওয়ায় আদালতের নির্দেশ ছাড়া গ্রেপ্তার করা সম্ভব নয়।
জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, এনামুল ও রোবেল যাত্রাবাড়ীর যুবলীগ ক্যাডার এবং দীর্ঘদিন ধরে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছেন। এদিকে শনিবার কোতোয়ালি থানায় ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে নতুন মামলা (নং–২৯/০৯.০৮.২০২৫) দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.