সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কুলিয়ারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের জনবহুল দাসপাড়া মহল্লায় প্রবেশে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এই এলাকায়, যাদের সবাই হিন্দু ধর্মাবলম্বী। বর্তমানে প্রধান সড়কের উন্নয়ন কাজ এবং বিকল্প রাস্তাটি বৃষ্টিতে ভেঙে যাওয়ায় এলাকাটি একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
থানার পাশ দিয়ে যাওয়া কুলিয়ারচর বাজার থেকে উপজেলা মোড় পর্যন্ত প্রধান সড়কটির উন্নয়ন কাজ চলমান থাকায় গত এক সপ্তাহ ধরে তা পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে বিকল্প রূপে ব্যবহৃত লঞ্চঘাট থেকে দাসপাড়া পর্যন্ত নতুন রাস্তার কিছু অংশে মাটি ভরাটের পর কাজ থেমে যায়। বর্ষা মৌসুমে কালীনদীর পানি ও বৃষ্টিতে ওই ভরাট মাটি ধসে পড়ায় ওই পথটিও একেবারে অচল হয়ে পড়ে।
এতে দাসপাড়ার বাসিন্দারা বাধ্য হয়ে নানা পথ ঘুরে এবং পায়ে হেঁটে কষ্ট করে বাজারসহ অন্যান্য জরুরি গন্তব্যে যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে পৌরসভায় কোনো জনপ্রতিনিধি না থাকায় কেউ সরাসরি অভিযোগ গ্রহণ করছে না এবং দ্রুত সমস্যার সমাধানও মিলছে না।
বাজার ও বেপারী পাড়ার বাসিন্দা ব্যাংকার আব্দুল হাসিব বলেন, "মূল রাস্তার সংস্কার কাজের পাশাপাশি বিকল্প পথটি বৃষ্টিতে ভেঙে পড়ায় দাসপাড়ার মতো গুরুত্বপূর্ণ একটি জনবহুল এলাকা এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন। বাজারে যেতে এখন অনেকটা কষ্ট করে পায়ে হেঁটেই যেতে হয়।"
মহল্লাবাসী দ্রুত ভেঙে যাওয়া রাস্তার মেরামত এবং জরুরি ভিত্তিতে এলাকাবাসীর চলাচলের উপযোগী বিকল্প পথ তৈরির জন্য পৌর কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পৌরসভার কোনো দায়িত্বশীলের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.