আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ রমজান আলী ওরফে কোটিপতি রমজানকে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।
বুধবার রমজানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় প্রায় আড়াই বছর পর, ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল। মামলায় সাবেক সাংসদ মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, রমজান ওরফে কোটিপতি রমজান তিন-চার বছর আগেও হরিরামপুর রোডে অটোরিকশা চালাতেন। কিন্তু গত কয়েক বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর তিনি হঠাৎ কোটিপতি বনে যান।
রমজানের টাকার প্রভাব ও রাজনৈতিক দাপটে রামকৃষ্ণপুর ইউনিয়নের অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছেন। তৎকালীন সময়ে অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ ও মামলা করলেও স্থানীয় আওয়ামী নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আইনের ফাঁক গলে বের হয়ে আসেন তিনি।
বাহিরচর বাজারে প্রকাশ্যে এক বৃদ্ধ মহিলাকে মারধর, বিচার-শালিসে দফারফা, কিশোর গ্যাংয়ের নেতৃত্বদান, এবং হামলার ঘটনায় রমজানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ ও মামলা হয়েছে। তবে তার প্রভাবের কারণে এসবের কোনো বিচার হয়নি। এমনকি মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার সম্পৃক্ততা এবং আরও বিভিন্ন অপকর্মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
হরিরামপুর থানা অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান জানান, প্রাথমিক তদন্তে নাশকতার মামলায় রমজানের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.