মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি থানা ভবনের পাশে এক পুলিশ কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গেটের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ারড্রোব ভেঙে ২৫ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
ঘটনাটি ঘটে বুধবার (১৩ আগস্ট) দুপুরে, দুমকি থানার সাবেক ওসি মোঃ শাহনেয়াজের ৫তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে। বর্তমানে তিনি সিলেট রেঞ্জে কর্মরত। তার স্ত্রী শাহনাজ বেগম জানান, প্রায় ৫-৬ দিন আগে তারা পরিবারসহ ঢাকা যান এবং বাসাটি তালাবদ্ধ অবস্থায় রেখে যান।
বুধবার সকালে তারা দুমকিতে ফিরে এসে দেখেন বাসার দরজা খোলা। ভেতরে ঢুকে আলমারি-ওয়ারড্রোব ভাঙা, ঘরের জিনিসপত্র ওলট-পালট অবস্থায় পেয়ে তারা নিশ্চিত হন যে বাসায় চুরি হয়েছে।
ঘটনার সময় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়াদের ডাকলেও সাড়া মেলেনি। এমনকি ৩য় তলার বাসিন্দাদের দরজাও বাইরে থেকে আটকানো ছিল বলে জানান গৃহকত্রী।
এ ঘটনায় থানার কাছাকাছি এলাকায় চুরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, তিনি অফিসের কাজে বাইরে রয়েছেন। তিনি ফিরে এসে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

