জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আশাশুনির উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।
বিশেষ অতিথি ছিলেন দুদক খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মহসীন আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান।
সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি চিত্তরঞ্জন ঘোষ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দুপ্রক সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সদস্য সাকিবুর রহমান, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি রোকনুজ্জামান, জি এম মুজিবুর রহমান, সদস্য মমতাজ হেলেন, আল মামুন, রেহেনা খাতুন ও খুকুরানী প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬টি দল। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, আর রানারআপ হয় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার সম্মাননা অর্জন করেন বিজয়ী দলের দলনেতা রিফাত নূর।
বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক সজল আঢ্য (মডারেটর), আক্তারুজ্জামান প্রিন্স ও গোলাম কবির।
রচনা প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে ১১টি বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
‘ক’ গ্রুপে বিজয়ীরা:
১ম – কোয়েল গাইন (কাদাকাটি স্কুল)
২য় – মুমতাহিনা (গুনাকরকাটি স্কুল)
৩য় – আকসা ইসলাম (আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়)
‘খ’ গ্রুপে বিজয়ীরা:
১ম – মিলি মল্লিক (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়)
২য় – সুমনা খাতুন
৩য় – কোয়েল মন্ডল (মাড়িয়ালা হাই স্কুল)
আয়োজনের শেষাংশে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

