যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে তারেক সরদার (২৪) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের গৌরীঘোনা গ্রামের বুড়িভদ্রা নদীর পাড়ে এক কৃষকের ওল ক্ষেতে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কেশবপুর থানা থানার ওসি (তদন্ত)খাঁন শরিফুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা জোহর আলী জানান, তিনি সকালে সিম তুলতে গিয়ে পড়ে থাকা মরদেহ দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকার লোকজন মরদেহ সোজা করে তার পরিচয় শনাক্ত করেন। নিহত তারেক সরদার গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
খবর পেয়ে কেশবপুর থানা থানার ওসি (তদন্ত)খাঁন শরিফুল ইসলাম, এসআই মোকলেচুর রহমান ও ভেরচী অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
তারা জানান, নিহতের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে থেতলানো জখম, বাম কান দিয়ে রক্ত, নাক দিয়ে সাদা ফেনা এবং গলায় রশি দিয়ে শ্বাসরোধের কালচে দাগ রয়েছে।
নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তারা খুলনা জেলার ডুমুরিয়ায় ভরাতিয়া সরকারি আবাসনে বসবাস করতেন। তারেক পেশায় একজন টিউবওয়েল স্থাপন শ্রমিক এবং মাঝে মাঝে ভ্যান চালাতেন। গত ১৩ আগস্ট বিকেল ৪টার দিকে তিনি স্ত্রীর কাছে জানান, কারও কাছ থেকে টাকা আনতে যাচ্ছেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোন বাড়িতেই রেখে যান। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হয়।
কেশবপুর থানা থানার ওসি (তদন্ত)খাঁন শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

