এস.এম.শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার, নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় ভুল চিকিৎসায় লাবনী আক্তার (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় খাদিজা সেবা ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। তারা ক্লিনিকটির নানা অনিয়ম, নার্স ও ডিউটি ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়াসহ বিভিন্ন বিষয়ে ত্রুটি দেখতে পায়। এসব অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
তদন্তকালে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শোয়াইব, আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতিম বিশ্বাস, মেডিকেল অফিসার মোহাম্মদ হাসিবুর রহমান, ডেন্টাল সার্জন ডা. মো. সারোয়ার হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মইনুদ্দিন আহমেদ।
গত ১৩ আগস্ট বুধবার দুপুরে উপজেলার কলাবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের কামাল শেখের স্ত্রী লাবনী আক্তারকে সিজারিয়ান অপারেশনের জন্য খাদিজা সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে লাবনী জমজ সন্তানের জন্ম দেন। তবে অপারেশনের পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে খুলনার একটি হাসপাতালে রেফার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই লাবনীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসক।
লাবনীর দেবর আসলাম শেখ অভিযোগ করে বলেন, কোনো অ্যানেস্থেশিয়া সার্জন ছাড়াই অপারেশন করায় আমার ভাবীর মৃত্যু হয়েছে। এখন নবজাতক দুটি সন্তানও অসুস্থ অবস্থায় খুলনা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত ক্লিনিকের পরিচালক খাদিজা পারভীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জানান, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে একটি তদন্ত টিম পাঠানো হয়। প্রাথমিকভাবে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.