মাদারীপুর প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা দেশের গণমাধ্যম ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন না হলে এই ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতন থামানো সম্ভব হবে না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনজুর হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম ফরাজী, বেলাল খান, অ্যাডভোকেট আবুল হাসান সোহেল, রাহাত হোসাইন, নোমেহেদী হাসান সোহাগ, সঞ্জয় কর্মকর অভিজিৎ, গাউছ-উর রহমান, ফায়জুল শরীফ, মাসুদ সরদারসহ অন্যরা।
গত ৭ আগস্ট রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তুহিনকে ধাওয়া করে। তিনি ভয়ে একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও সেখানেই ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে তারা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরদিন সকালে নিহতের বড় ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। ইতিমধ্যে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও পিবিআই যৌথভাবে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবারসহ থাকতেন গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.