নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট অনুষদের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এক প্রাণবন্ত শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল লক্ষ্য ছিল শিক্ষার গুণগত মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ।
সভায় সভাপতিত্ব করেন ফরেস্ট ইকোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম ও অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি, ল্যাব সরঞ্জাম উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ ও ক্যারিয়ার কাউন্সেলিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। উপাচার্য তার বক্তব্যে বলেন, “একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, এটি একটি চেতনার কেন্দ্র। আমাদের শিক্ষার্থীরা কেবল ডিগ্রিধারী নয়, সচেতন ও জ্ঞানবান নাগরিক হিসেবে গড়ে উঠবে।” তিনি ফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট অনুষদের শিক্ষার্থীদের কাছ থেকে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের নির্দেশনা প্রত্যাশা করেন।
সভা শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও প্রশাসনের খোলামেলা আলাপের মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

