অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মরিয়ম (৫০) নামের এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মজিবর মাঝি ও কামাল পেদার বিরুদ্ধে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মরিয়ম জানান, কিছুদিন আগে পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবি করলে বড় ভাই মজিবর মাঝি তাকে একবার মারধর করেন। পরে স্থানীয় সালিশের মাধ্যমে জমি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে তার ভোগদখলীয় জমিতে মজিবর ও কামাল পেদা জোর করে চাষাবাদ শুরু করলে তিনি বাধা দেন। এক পর্যায়ে তারা বুকে, পিঠে ও পেটে কিল-ঘুষি ও লাথি মারলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। পরে ছেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মজিবর মাঝির ফোন বন্ধ পাওয়া যায়। তবে কামাল পেদা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিকভাবে হেয় করার জন্য এই নাটক সাজানো হয়েছে।”
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.