পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের সময় মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন—দেলোয়ার হোসেন (৩৫) ও ইয়াছিন আলী (২০)।
শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে তেঁতুলিয়া উপজেলার শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৩৯ থেকে ৫০ গজ ভেতরে বিজিবির টহল দল তাদের আটক করে। পরে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।
আটক দেলোয়ার হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের পরমানিকপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং ইয়াছিন আলী একই উপজেলার শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে।
১৮ বিজিবি সূত্রে জানা যায়, আটক দুইজন সীমান্ত দিয়ে দুই হিন্দু বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। এ সময় পাচারকারীরা পালাতে চাইলে বিজিবি ধাওয়া করে তাদের আটক করে। তবে পাচারকৃত দুই বাংলাদেশি ভারতে প্রবেশ করতে সক্ষম হন।
আটক দুই পাচারকারীকে আইনগত ব্যবস্থার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি-১৮ এর অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, “আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় মানবপাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.