যবিপ্রবি প্রতিনিধি, রায়হান আহমদ
জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের জুমার নামাজে বাধা দেওয়ার ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীলদলের তৎকালীন সদস্যসচিব ও ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবিরকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৮তম সভায় সকল সদস্যের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাই মাসে শিক্ষার্থীদের জুমার নামাজে বাধা দেওয়া, স্বৈরাচারী আচরণের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি এবং শিক্ষকসুলভ আচরণ থেকে বিচ্যুতি ঘটায় এই সিদ্ধান্ত নেয় রিজেন্ট বোর্ড।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে প্রবেশ করছিল, তখন প্রধান ফটকে কয়েকজন শিক্ষার্থীকে বাধা দেন ড. ফিরোজ কবির। শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে তিনি মোবাইলে ভিডিও ধারণ করে তাদের চিহ্নিত করার চেষ্টা করেন।
পরে মসজিদে প্রবেশে বাধা পাওয়ায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোড়ন তোলে।

