উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ ১৫ বছর সুনামের সঙ্গে সেলিম মোটরস-এ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসা মোঃ কাওছার আলম শাহ্ (সুজালপুর, বীরগঞ্জ) চাকরি ছাড়ার সিদ্ধান্ত জানানোয় প্রতিষ্ঠান মালিকদের রোষানলে পড়েছেন বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী কাওছার আলম শাহ্ এর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসা প্রতিষ্ঠান সেলিম মোটরসের মালিক মোঃ সেলিম (৩৫) ও তার পিতা মোঃ শমসের আলী (৭০) দুই মাস পূর্বে চাকরি ছাড়ার বিষয়ে জানালে ষড়যন্ত্রমূলকভাবে তাকে চাকরিতে বহাল রাখার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ৫ লক্ষ টাকা দাবি করেন এবং ওই দাবির কোনো লিখিত প্রমাণপত্রও দেখাতে পারেননি।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ আগস্ট রাতে দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে প্রতিষ্ঠান বন্ধ করে গেট ও সাটার ফেলে ভেতরে আটকে তাকে লোহার রড দিয়ে মারধর করেন ১নং আসামি। এসময় তার পকেট থেকে SBAC ব্যাংকের চেক বই বের করে তিনটি ফাঁকা চেক পাতা ছিঁড়ে নেন। পাশাপাশি তিনটি ১০০ টাকার ফাঁকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়া হয়। স্বাক্ষর না দিলে আরো ভয়ভীতি ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে জানান তিনি।
পরে স্থানীয় দুই ব্যক্তি মোঃ মমিনুল ইসলাম ও মোঃ সাব্বির আরাফাত আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। বর্তমানে ন্যায়বিচার নিশ্চিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জোর করে নেয়া স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্ট্যাম্প উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কাওছার আলম শাহ্।
তিনি এ বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা নথিপত্রসহ বীরগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.