গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় জান্নাতুল ফেরদৌস শাপলা হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না—এমন অভিযোগ করেছেন নিহতের ছোট বোন সানজিদা আক্তার আভা। রোববার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় নিহতের মা মোছা. লিপি সরকার তার পাশে ছিলেন।
সানজিদা আভা বলেন, মামলার আসামিরা বেপরোয়া হয়ে মামলার বাদীকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় আট বছর আগে ঠাকুরগাঁওয়ের ইসলামনগর এলাকার লিপি সরকারের মেয়ে জান্নাতুল ফেরদৌস শাপলার সঙ্গে গাইবান্ধার শেখ রোমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী শেখ রোমান শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তাদের ঘরে একটি পুত্র সন্তানও জন্ম নেয়। একাধিক শালিস বৈঠক হলেও নির্যাতনের মাত্রা কমেনি।
গত ২৪ এপ্রিল অমানুষিক নির্যাতনের ফলে শাপলার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নিহতের মা লিপি সরকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা (নং ৩০) দায়ের করেন। এক মাস পর পুলিশ প্রধান আসামি শেখ রোমানকে গ্রেফতার করে। তবে অন্যান্য আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নিয়ে মুক্ত থাকেন, যার মেয়াদ ১৬ জুন শেষ হলেও তারা নিম্ন আদালত থেকে জামিন না নিয়েই এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে সানজিদা আভা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মামলাটি যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.