জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশের হাত থেকে ইয়াবাসহ আটক এক মাদক কারবারিকে সহযোগী ও স্বজনরা ছিনিয়ে নিয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাটির সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) রাতে ৩৩ পিস ইয়াবাসহ নাছির চিকু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। থানায় নেওয়ার পথে চরপাকেরদহ বাংলা বাজার সংলগ্ন এলাকায় তার সহযোগী ও স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা জোরপূর্বক হাতকড়ির চাবি নিয়ে নাছিরকে ছিনিয়ে নেয়। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০–৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া পলাতক নাছির চিকুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “ঘটনার পর চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন,সুজা মন্ডল (৫৬), মো. আজিজুল হক (৩২), রাসেল মিয়া (৩৪) ও স্বপন (২৮)।
তাদেরকে আজ রবিবার (১৭ আগস্ট) জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”

