হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খান কারাগারে থাকায় গত এক সপ্তাহ ধরে পরিষদের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নীতিমালা অনুযায়ী চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের কথা থাকলেও ইউনিয়ন সচিবের অসহযোগিতায় তা বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে জন্ম-মৃত্যু নিবন্ধন ও সনদপত্রসহ বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান মাসুদ খান কারাগারে যাওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। নীতিমালা অনুসারে, প্যানেল চেয়ারম্যান-১ মো. আরজু মিয়াকে দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু ইউনিয়ন সচিব বলাই চক্রবর্তী বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে দায়িত্বভার গ্রহণে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্যানেল চেয়ারম্যান।
প্যানেল চেয়ারম্যান মো. আরজু মিয়া বলেন, “সচিব সাহেব আমাকে আজ-কাল’ করে সময়ক্ষেপণ করছেন। কেন তিনি এমন করছেন, তা আমার বোধগম্য নয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন সচিব বলাই চক্রবর্তী মোবাইল ফোনে বলেন, ইউনিয়ন পরিষদের নীতিমালায় কী বলা আছে, তা আমি জানি না। নীতিমালা পুরোপুরি আমার জানা নেই।
এদিকে, নাগরিক সেবা বন্ধ থাকায় সৃষ্ট অচলাবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। ১০ আগস্ট থেকে পরিষদের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজনে মারাত্মক সমস্যায় পড়েছেন।
বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজিবুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানই দায়িত্ব পালন করবেন, এটাই নিয়ম। আমরা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। নাগরিক সেবা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ থেকে মানুষ অনেক গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করে, আমরা খোঁজ নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.