কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি খোকসা উপজেলার বামনপাড়া এলাকার ওহেদ শেখের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় গত ৯ আগস্ট থেকে শফিকুল ইসলাম কারাগারে ছিলেন। রোববার (১৭ আগস্ট) বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, শফিকুল ইসলাম কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ধরনের চিকিৎসার উন্নত সুবিধা কারাগারে না থাকায় হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, “হাজতি শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। তাকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।” তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

