শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনা নদীতে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও শাস্তির বিধানকে উপেক্ষা করে বাঘাই মাছ, শুশুকসহ মহাবিপন্ন বিভিন্ন প্রাণী শিকার, পরিবহন ও চড়া দামে বিক্রি করে আসছে একদল অসাধু চক্র।
এ বিষয়ে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গোয়ালন্দের ইউএনও মো. নাহিদুর রহমান।
তিনি বলেন, মৎস্য সম্পর্কিত আইন ২০১২ অনুযায়ী নদীতে কিছু মাছ ধরা নিষেধ। এর মধ্যে বাঘাইড়, শুশুকসহ আরও কিছু মহাবিপন্ন প্রাণী রয়েছে। এসব শিকার করলে ১ বছর পর্যন্ত জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
তিনি আরও বলেন, গোয়ালন্দ এলাকায় এক শ্রেণির অসাধু শিকারি যেভাবে এসব প্রাণী শিকার করছে, তাতে আগামী ৫-৭ বছর পর এগুলো নদী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। আমাদের এখানে প্রায় সাড়ে তিন হাজার জেলে রয়েছে। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা হলো নিষিদ্ধ মাছ শিকার করবেন না। আইন লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, যেমন বাঘাইড় মাছ ধরলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত জেল ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে। আমরা চাই না, যারা মৎস্যনির্ভর জীবিকা নির্বাহ করছেন তারা শাস্তির মুখোমুখি হোন। তাই সরকারের নির্দেশনা অনুসরণ করুন। মাছ চাষের আধুনিক পদ্ধতি, অবৈধ জাল বন্ধ ও মা-ইলিশ রক্ষা করতে পারলেই দেশীয় মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে।
১৮ আগস্ট সোমবার, রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ইউএনও।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহাসহ মৎস্যচাষি, উদ্যোক্তা ও জেলেরা।
আলোচনা সভা শেষে ২০২৫ সালে উপজেলায় মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.