ফরিদপুর প্রতিনিধি
মাছ অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, মৎস্য সম্পদের সংরক্ষণ, সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। তারা আরও উল্লেখ করেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের সঙ্গে জড়িত। তবে নদী-নালা ও খাল-বিল থেকে চায়না দোয়ারীর মাধ্যমে দেশি মাছের প্রজনন ধ্বংস করা হচ্ছে, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এর আগে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.