গাইবান্ধা প্রতিনিধি
তিস্তা নদীর বুকে জেগে ওঠা স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার ও কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের মধ্যে সংযোগ স্থাপনকারী ‘মওলানা ভাসানী সেতু’ অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে।
আগামী বুধবার এই বহুল প্রত্যাশিত সেতুর উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১৪৯০ মিটার দীর্ঘ এবং ৯.৬০ মিটার প্রস্থের এই প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুটি নির্মিত হয়েছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড) এর আর্থিক সহায়তায়। সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। এতে রয়েছে ৩১টি স্প্যান এবং ২টি লেন, যা যান চলাচলের জন্য নিরাপদ ও টেকসই যোগাযোগ নিশ্চিত করবে।
এই সেতু চালুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এতে করে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে, শিল্প ও কৃষি পণ্যের বাজারজাতকরণ সহজ হবে, এবং স্থানীয় পর্যায়ে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে।
এছাড়া, নদীর দুই তীরজুড়ে উন্নত রোড নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা এবং পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে, তেমনি স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে।
সেতুটি চালু হলে রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার যোগাযোগ ব্যবধান ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত কমে আসবে, যা একটি নতুন আঞ্চলিক পরিবহন করিডোর গড়ে তুলবে।
‘মওলানা ভাসানী সেতু’ কেবল দুটি জেলার মধ্যে একটি সেতু নয়—এটি হয়ে উঠবে উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.