সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম তুষার (২৭) দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই ফয়জুল ইসলাম মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ, পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তুষার নগদ দুই লাখ টাকা নিয়ে এক পাওনাদারকে পরিশোধ করতে বাড়ি থেকে বের হন। পাওনা পরিশোধের পর তিনি ফেনী শহরের মহিপালে শ্বশুরের বাসায় রাত যাপন করার কথা থাকলেও, তিনি সেখানে যাননি এবং পাওনাদারকেও টাকা দেননি।
তদন্তসূত্রে জানা গেছে, রাত ১০টা পর্যন্ত তার মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী তিনি মহিপাল এলাকার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবস্থান করছিলেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজ মিলছে না।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের বাসায় খোঁজ নিয়েও কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবিএস মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তুষার একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। তার হঠাৎ নিখোঁজ হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা দ্রুত তার সন্ধান কামনা করছি এবং প্রশাসনের সহযোগিতা চাচ্ছি।”
তুষার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।
ঘটনার বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন বলেন,“তুষার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

