দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৩০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। বিজিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে দৌলতপুর সীমান্তের ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ডিজিটি মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ৫০ গ্রাম হেরোইন ও ৩৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি সদস্যরা। যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫ হাজার ৬০০ টাকা।
এর আগে সোমবার সন্ধ্যায় উদয়নগর বিওপি’র আওতাধীন পদ্মা নদীর মধ্যবর্তী এলাকা থেকে ৫৯০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২৩ লক্ষ ৬০ হাজার টাকা।
একই দিন রাত ১১টার দিকে রামকৃষ্ণপুর বিওপি’র দায়িত্বপূর্ণ পুরাতন ঠোটারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা ও ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। এসব মাদকের বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৮১ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে মহিষকুন্ডি সীমান্তের জয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ ময়ারামপুর মাঠ থেকে ৩০০ পিস সেনেগ্রা ট্যাবলেট (মূল্য ৯০ হাজার টাকা) এবং পার্শ্ববর্তী মেহেরপুর জেলার ধলা বিওপি’র দায়িত্বপূর্ণ ধলা মাঠ থেকে ২৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট (মূল্য ৭২ হাজার টাকা) উদ্ধার করা হয়।
সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদক ও জালের মোট সিজার মূল্য দাঁড়ায় ৩০ লক্ষ ৯ হাজার টাকা। উদ্ধারকৃত দ্রব্যাদি ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে জানায় বিজিবি।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.