হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে সংঘবদ্ধ চক্র জাল মেনিফেস্ট ব্যবহার করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একই মেনিফেস্টো একাধিকবার ব্যবহার করে উচ্চ শুল্কের পণ্য—বিশেষত কসমেটিকস ও ফেব্রিক্স—আমদানি করা হচ্ছে। এতে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বৈধ আমদানিকারকরা প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন।
কার্গো মেনিফেস্টে পণ্যের নাম, পরিমাণ, ওজন, উৎস ও গন্তব্য দেশসহ গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এই নথির ভিত্তিতেই কাস্টমসে বিল অব এন্ট্রি জমা পড়ে এবং শুল্ক আদায় হয়। তবে কাস্টমস সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫০১টি মেনিফেস্টোর বিপরীতে কোনো বিল অব এন্ট্রি জমা পড়েনি। ২০২৩-২৪ অর্থবছরে ৮৯১টি মেনিফেস্টোর মধ্যে মাত্র ২১৭টি বৈধ প্রমাণিত হয়, বাকি ৬৭৪টির তথ্য কাস্টমস সিস্টেমে মিলেনি।
বেনাপোল কাস্টমসের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, অনিয়মের বিষয়ে অভ্যন্তরীণ অডিট টিম ও এনবিআর তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি বেনাপোল কাস্টমস হাউসের কাছে ব্যাখ্যা চাইলে, পরবর্তীতে ৫ মে ফের চিঠি দেওয়া হয়। তবুও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় নিয়মিতভাবেই পণ্যবোঝাই ট্রাক কাগজপত্র ছাড়াই বাজারে প্রবেশ করছে। ফলে শুল্ক ফাঁকি দেওয়া পণ্য সস্তায় বিক্রি হচ্ছে এবং দেশীয় শিল্প ও বৈধ আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন বলেন, “একই মেনিফেস্ট বারবার ব্যবহার করে একটি চক্র কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কসমেটিকস ও ফেব্রিক্স খাত।”
অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু মনে করেন, ভারতীয় কাস্টমসের এক্সপার্ট জেনারেল মেনিফেস্টো (ইজিএম) যাচাই করলে প্রকৃত চিত্র পরিষ্কার হয়ে যাবে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, “কিছু মেনিফেস্ট নাম্বারে পুনরাবৃত্তি ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদারকি করছি এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে সতর্ক আছি।”
সহকারী কাস্টমস কমিশনার মো. রাজন হোসেন জানান, অনিয়ম ধরা পড়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত কার্যক্রম চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.