নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা মামলায় নজরুল ইসলাম মানিক (৫৩) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বসুরহাট পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার খাল বেপারী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তার মানিক ওই বাড়ির আবুল কালামের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আওয়ামী লীগ নেতা মানিক ২০১৩ সালের আলোচিত জামায়াত-শিবির কর্মী হত্যা মামলার আসামি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকায় গুলিতে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় নিহত সাইফুল ইসলামের বড় ভাই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা মামলাটি গ্রহণ করে।
পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনায় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামানসহ ১১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.