মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত পিংকি আক্তার (২২) ও স্বামী বদর উদ্দিনের (৩৫) ঘরে সিয়াম (৪) নামে এক ছেলে রয়েছে। নিহত স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
আজ বুধবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, কালামপুরের আনসার আলীর মেয়ে পিংকি আক্তারের সঙ্গে ৬ মাস আগে স্বামী বদর উদ্দিনের বিবাহবিচ্ছেদ হয়। আজ সকালে বদর উদ্দিন তাদের ৪ বছরের ছেলেকে দেখতে প্রাক্তন স্ত্রীর বাসায় যান। এসময় পিংকি ছেলেকে দেখতে দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বদর উদ্দিন পিংকি আক্তারকে কুপিয়ে হত্যা করে। পরে স্ত্রীকে হত্যার পর নিজে বিষপান করে মেঝেতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বদর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
নিহত পিংকি আক্তারের বাবা আনছার আলী বলেন, ৬ মাস আগে তার মেয়ের সঙ্গে বদর উদ্দিনের তালাক হয়। আজ বাসায় কেউ না থাকার সুযোগে মেয়েকে কুপিয়ে হত্যা করে বদর উদ্দিন। তিনি মেয়ের হত্যার সঠিক বিচার দাবি করেন।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বদর উদ্দিন বিষপান করে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.