কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে পায়রা বন্দরের জন্য জমি অধিগ্রহণের পর স্থানীয় ভূমিদস্যু ও মামলাবাজ চক্রের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ কামরুল ইসলাম ঢালী। তিনি জানান, কলাপাড়ার ইটবাড়ীয়া মৌজায় এল.এ. কেস নং-০৬/২০১৮-১৯ এর মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের ৫৩ জন প্রকৃত জমির মালিকের কাছ থেকে জমি অধিগ্রহণ করে। দীর্ঘদিন ধরে তাদের পূর্বপুরুষরা বৈধ দলিল ও ওয়ারিশ সূত্রে এই জমির মালিক ও ভোগদখলকারী হিসেবে স্বীকৃত ছিলেন।
কামরুল ইসলাম অভিযোগ করেন, জমি অধিগ্রহণের পর স্থানীয় ধুলাসার এলাকার আহসান হাবীব নামে এক ভূমিদস্যু কিছু রাখাইন সম্প্রদায়ের লোকজনকে ভুল বুঝিয়ে ভূয়া ওয়ারিশ দেখিয়ে তাদের কাছ থেকে আমমোক্তারনামা সংগ্রহ করেন। পরে এসবকে ভিত্তি করে বিভিন্ন মামলা-মোকদ্দমা তৈরি করে প্রকৃত জমির মালিকদের নানাভাবে হয়রানি ও চাঁদা দাবি করা হচ্ছে।
তিনি আরও জানান, ১৯৫৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন মামলার রায় তাদের পক্ষে থাকলেও প্রতারক চক্র নতুন নতুন মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে। ফলে জমির অধিগ্রহণের পরও ক্ষতিপূরণ না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দ্রুত আইনি হয়রানি বন্ধ করে প্রকৃত মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

