নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে মোজাম্মেল মিয়া (২৩) নামে এক কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড় এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল মিয়া রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের বাসিন্দা। তিনি শহরের হাজীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোজাম্মেল মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কাউছার নামে এক ব্যক্তি পেছন থেকে এসে তার ঘাড়ে ধারালো দা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.