যশোর প্রতিনিধি
যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি)-এর ডিজাস্টার রিকভারি সাইটের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার (২০ আগস্ট) পরিদর্শন শেষে তিনি নতুন ডেটা সেন্টারের নকশা ও সাইট পরিদর্শন করেন এবং বিদ্যমান ফ্যাসিলিটি ও অপারেশনাল এক্সিলেন্স উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যেই এনডিসি এবং ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।
সফটওয়্যার টেকনোলজি পার্কের অব্যবহৃত ফ্যাসিলিটি গুলোকে কাজে লাগিয়ে যশোরের স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে হ্যাকাথন, আইডিয়াথন, স্টার্টআপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও বিজ্ঞান মেলা আয়োজনের নির্দেশ দেন তিনি। একইসাথে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ভেরিফিকেশন ও সাইবার সচেতনতা বিষয়ে নিয়মিত সেমিনার আয়োজনের পরামর্শ দেন তিনি।
এ সময় যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বিষয়টির সার্বিক তত্ত্বাবধানের সম্মতি প্রদান করেন। স্থাপনাগুলোর নিরাপত্তা বিষয়েও পুলিশ সুপার রওনক জাহান-এর সঙ্গে আলোচনা করেন তিনি।
পরে তিনি পার্কে অবস্থিত সেবা এক্সওয়াইজেড এবং চালডাল ডটকম-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে যশোর সার্কিট হাউসে টেকনোলজি পার্কের বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিনিয়োগকারীরা টেক পার্কের ভাড়া কমানোর দাবি জানালে ফয়েজ তৈয়্যব বলেন,
“রাজশাহী টেক পার্কে অতীতে রাজনৈতিক বিবেচনায় কম ভাড়া নির্ধারণ করা হয়েছিল, সেটি স্ট্যান্ডার্ড হতে পারে না। তবে বিনিয়োগ ও কর্মসংস্থান বিবেচনায় যৌক্তিক ডিসকাউন্ট দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বকেয়া ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধ করলে ডিসকাউন্ট প্রক্রিয়ায় আসবে।”
তিনি অভিযোগ করেন, “বিগত সরকারের প্রশ্রয়ে নিয়োগ পাওয়া রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সমাধান না করে অর্থ আত্মসাৎ করে পালিয়েছে। এর ফলে সরকার ও বিনিয়োগকারীরা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি সমাধানে হাইটেক পার্ক কর্তৃপক্ষ কাজ করছে।”
মতবিনিময় সভায় টেকনোলজি পার্কের প্রায় ৪০টি প্রকৃত বিনিয়োগকারীর ব্যবসা টিকিয়ে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, ডেটা সেন্টার ও ই-কমার্স প্রতিনিধিসহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.