উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মহিলা সমিতির বর্তমান কমিটি বিলুপ্তির দাবিতে ২০ আগস্ট বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন মোছাঃ বিলকিস আরা বেগম, মোছাঃ আফরোজা, মোছাঃ সুমি, শারমিন আক্তার, মোছাঃ মাহমুদা বেগম, মোঃ আব্দুল্লাহ, মোঃ ইমরান, মোঃ লাইসুর রহমান ইমন, মোঃ আহমেদ আলী, মোঃ রয়েল, মোঃ রাজু, মোঃ হোসেন মিয়াসহ এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র প্রাণনাথপুর মৌজায় জেলরোডস্থ “দিনাজপুর মহিলা সমিতি” একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এটি মহারাজা কর্তৃক দানকৃত এবং ১৯৩৭ সালে তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের মাধ্যমে জননী স্কুল, হাতের লেখা প্রশিক্ষণ, মহিলাদের সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ এবং দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হতো। প্রতিষ্ঠানটির অধীনে থাকা ৮টি দোকানঘরের ভাড়া দিয়েও কার্যক্রম চলত।
তবে অভিযোগ করা হয়, বর্তমান কমিটির কুচক্রী মহল নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানকে স্থবির করে দিয়েছে। জননী স্কুল বন্ধ করে দেওয়া, সরকারি অনুদান আত্মসাৎ, সেলাই মেশিন বিতরণ না করা, দোকান ভাড়া থেকে প্রাপ্ত অর্থের হিসাব না রাখা—এসব অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে পড়েছে। এমনকি প্রতিষ্ঠানটিকে ব্যক্তিমালিকানার মতো ব্যবহার করে ডেভেলপারের কাছে বিক্রিরও চেষ্টা করা হয়। এলাকাবাসীর প্রতিবাদের মুখে সেই প্রচেষ্টা ভেস্তে যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী মনোভাবাপন্ন এই কমিটিকে অবিলম্বে বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে। তাহলেই প্রতিষ্ঠানটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে।
উল্লেখ্য, ২০২৩ সালেও এই কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.