হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী-পুরুষ ও পাচারকারীসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন—ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) ও পাচারকারী হাবিবুর রহমান (৩৩)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোগা বিজিবি ক্যাম্পের একটি টহল দল গাজীপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে সালামের মোড়ে কয়েকজনকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, বৈধ কোনো কাগজপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পাচারকারী হাবিবুর রহমান নিজের অটোরিকশায় তাদের সীমান্ত এলাকায় পৌঁছে দেন বলে তথ্য পাওয়া যায়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোগা সীমান্ত দিয়ে কয়েকজনকে পাচারের চেষ্টা হচ্ছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাচারকারীসহ আটজনকে আটক করা হয়। সীমান্ত এলাকায় এ ধরনের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, সীমান্তে নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে নিয়মিত প্রচার-প্রেষণা কার্যক্রম চালানো হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.