অশোক মুখার্জি, কলাপাড়া
পটুয়াখালীর কুয়াকাটায় বাড়ির আঙিনায় জালে পেঁচানো অবস্থায় প্রায় ৪ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া এলাকা থেকে ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র স্বেচ্ছাসেবীরা সাপটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।
স্থানীয় বাসিন্দা আবু হাসান মিলন জানান, সকালে তার বাড়ির আঙিনায় জালে আটকা পড়ে থাকা সাপটি দেখতে পান। পরে তিনি স্থানীয় অ্যানিমেল লাভারস টিমকে খবর দিলে তারা পৌরসভা, বন বিভাগ ও পরিবেশ কর্মীদের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী টিমের রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, পদ্মগোখরা সাপটির বৈজ্ঞানিক নাম Naja kaouthia (ইংরেজিতে Monocled Cobra)। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গোখরা প্রজাতির সাপ। খবর পেয়ে প্রশিক্ষিত টিম সাপটি উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) কুয়াকাটা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন,“স্থানীয়রা সাপটি মেরে না ফেলে আমাদের খবর দিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। সাপ প্রকৃতিরই অংশ, তাই এর সংরক্ষণ জরুরি।”
সংগঠনের আহ্বায়ক কে. এম. বাচ্চু বলেন,“পদ্মগোখরা বিষধর হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মানুষকে সচেতন হয়ে সাপ হত্যা না করে সংরক্ষণে এগিয়ে আসতে হবে।”
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে. এম. মনিরুজ্জামান জানান, পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ হলেও সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। অজ্ঞতার কারণে অনেক সময় মানুষ অকারণে সাপ মেরে ফেলে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.