গোপালগঞ্জ প্রতিনিধি
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই গোপালগঞ্জ। আমাদের বাঙ্গালীর মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, সাংবাদিক ও বাম পন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন, ইতিহাসবীদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানী গুনী ব্যক্তি মধুমতীর তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্ম গ্রহণ করেছে।
সুতরাং গোপালগঞ্জের সব মানুষ খারাপ না। তাই প্রশাসনের ভাইদের বলবো সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোন জুলুম তাদের সাথে করবেন না।
শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপানারা দেখেছেন আমাদের সুযোগ ছিল। আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম, শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম। শত সহস্র কোটি টাকার মালিক থাকতাম। আমরা সেটার সাথে আপোষ করি নাই।
আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি। আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়।
তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা করছি, দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে হবে। এই ভাবে আমাদের নতুন বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.