কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের উপর হামলা, ছিনতাই ও হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য অশোক চৌধুরী দাবি করেছেন, স্থানীয় যুবলীগ নেতা ও তার সহযোগীরা তাকে অপহরণ করে মারধর, ছিনতাই এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটিয়েছে।
অশোক চৌধুরী দক্ষিণ গচাপাড়া মণ্ডলপাড়ার বাসিন্দা এবং একজন মুদি ব্যবসায়ী। তিনি জানান, গত ৩ জুলাই দুপুর ১২টার দিকে অবদারহাট থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবলীগ নেতা পারভেজ ফকির, তার ভাই নুর ইসলাম এবং হিমু খানসহ কয়েকজন তাকে জোরপূর্বক মাহিয়া ফিলিং স্টেশনে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
এছাড়া, ভয় দেখিয়ে ১০০ টাকার ৩টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় অশোক চৌধুরী গত ১০ জুলাই গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। তবে মামলার পর থেকেই তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অশোক চৌধুরী বলেন, “আমি এখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছি। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ—আমি যেন নিরাপদে থাকতে ও বিচার পেতে পারি।”
এ বিষয়ে অভিযুক্ত নুর ইসলাম ও হিমু খান কোনো বক্তব্য দিতে রাজি হননি।
কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন, যিনি মামলাটির তদন্ত কর্মকর্তা, বলেন, “অশোক চৌধুরীর দায়ের করা মামলার তদন্ত চলছে। শিগগিরই আমরা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করব।”

