
মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেট এলাকায় ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৩ এর সিপিসি-২ (নীলফামারী) ও সিপিসি-১ (দিনাজপুর) ক্যাম্পের যৌথ অভিযানে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বড় মাঠ এলাকা থেকে এজাহারভুক্ত আসামি নূর রাব্বী (২৬), আবু তালেব (২৫) ও কামাল হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত জাবেদ উমর জয় স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতেন। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার ফাঁদে ফেলে। গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তারা জয়কে মোবাইল ফোনে ডেকে নিয়ে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জাবেদকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও র্যাব ইতোমধ্যে মূলহোতাসহ মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.