রাজশাহী প্রতিনিধি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। আমরা এবার কঠোর অবস্থানে আছি।”
শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) আয়োজিত এক মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে ৭৭ হাজারের বেশি জনবল ভোটার তালিকা হালনাগাদের কাজে নিয়োজিত ছিল। মৃত ভোটারদের বাদ দিয়ে, নতুন উপযুক্ত ভোটারদের সংযোজন করে তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা সংবিধানে নির্ধারিত আছে। আনুপাতিক পদ্ধতির (PR system) কোনো সুযোগ নেই সংবিধানে। যদি আইন পরিবর্তন হয়, তখন দেখা যাবে। তবে আমরা সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ নিতে পারি না।”
সেনাবাহিনী মোতায়েন বিষয়ে তিনি জানান, “আমরা সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করতে কাজ করছি। তারা যেন নির্বাচনকালে আইনানুগভাবে দায়িত্ব পালন করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সরকারের চাপ প্রসঙ্গে সিইসি বলেন, “সরকার আমাকে কোনো চাপ দেয়নি। যদি কখনো চাপ দেওয়া হয়, তবে আমি পদত্যাগ করব, চেয়ারে বসে থাকব না।”
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিচার কীভাবে শেষ হয়, তা দেখার বিষয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.