Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের বৈষম্যবিরোধী আন্দোলন দেশের ইতিহাসে নতুন অধ্যায়: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ২৩, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণদের দেশপ্রেম ও সাহসিকতা দেশের আন্দোলনের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে প্রকৃতির নিবিড় যোগ রয়েছে। তাই প্রকৃতিবিরোধী উন্নয়ন পরিকল্পনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে।”

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজে অধ্যয়নরত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পুরোনো সিলেবাস সংস্কারের পাশাপাশি প্রযুক্তি ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৫০ হাজার কলেজছাত্রীকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলছে। একইসঙ্গে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে শিক্ষার্থীদের কর্মমুখী ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা বাড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে ক্রীড়া, সংস্কৃতি ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের দিকেও গুরুত্ব দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম।

অনুষ্ঠান শেষে ১১টি ইভেন্টে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ১৮৪ জন শিক্ষার্থীর মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও ভাইস-চ্যান্সেলর। ইভেন্টগুলোতে ছিল উপস্থিত বক্তৃতা, বিতর্ক, গান, আবৃত্তি, অভিনয়, নৃত্যসহ নানান সাংস্কৃতিক উপস্থাপনা।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।