খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ট্রাকচালক আসলাম আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী সরকার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ও রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী একটি ট্রাক মোহনপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ৬ জন আহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক আসলাম আলীকে (পিতা: মৃত মহোর আলী, গ্রাম: কুষ্টিয়া) প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করতে বাস ও ট্রাক রাস্তা থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে দুর্ঘটনার পর ট্রাক মালিকপক্ষ অভিযোগ করেছে, সরকার পরিবহন বাসটির কাগজপত্র সঠিক ছিল না, যা দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.