শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন ভেঙে ৩টি আসনে রূপান্তরের প্রস্তাবের প্রতিবাদে এবং পূর্ণবহালের দাবিতে চিতলমারীতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই চিতলমারীর মচন্দপুর মোড়ে ঢাকা-মাওয়া-পিরোজপুর সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
হরতাল চলাকালে সবধরনের যান চলাচল বন্ধ ছিল এবং জরুরি পরিষেবা ছাড়া অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা যায়।
এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন চিতলমারী সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি ডা. কাজী আবুল কালাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, জামায়াতের উপজেলা সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোয়ায়েব হোসেন গাজী, শিপন মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেয়ামত আলী খান।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে ৪টি সংসদীয় আসন ছিল। হঠাৎ করে নির্বাচন কমিশনের এক আসন কমানোর প্রস্তাব বাগেরহাটবাসীর প্রতি বিমাতাসুলভ আচরণের প্রকাশ। তারা নির্বাচন কমিশনকে অবিলম্বে এই প্রস্তাব থেকে সরে আসার আহ্বান জানান এবং না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.