যশোর প্রতিনিধি
যশোর-৬ (কেশবপুর) আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও নির্বাচন অফিস ঘেরাও করেছে সাধারণ ভোটাররা। আজ (২৪ আগস্ট) সকাল ১১টায় কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল যশোর জেলা নির্বাচন অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
এসময় বিক্ষুব্ধ ভোটাররা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, সীমানা পুনর্বিন্যাসের নামে যশোর-৩ ও যশোর-৬ আসনের স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। তারা দাবি করেন, আসন পুনর্গঠনের এই প্রস্তাব একটি বিশেষ মহলের পরিকল্পিত ষড়যন্ত্র, যা যশোরের দীর্ঘদিনের সম্প্রীতি ও নির্বাচন সংস্কৃতিকে হুমকির মুখে ফেলবে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে এবং যশোরবাসী কখনোই এই ষড়যন্ত্র মেনে নেবে না।”
প্রসঙ্গত, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৩ ও যশোর-৬ আসনের সীমানা পুনর্গঠনের আবেদন করেন। এ বিষয়ে নির্বাচন কমিশন আগামীকাল, ২৫ আগস্ট, শুনানির দিন নির্ধারণ করেছে।
যশোর জেলা নির্বাচন কর্মকর্তা বিক্ষোভকারীদের স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।

