শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা)
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে শুরু হয়েছে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনা জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১০টায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুহিত, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম এবং ফারুক হাসান।
প্রথম দিনের প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, এস.এম আকরাম হোসেন, হেমন্ত নাথ মন্ডল, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম এবং মাওলানা আনোয়ারুল ইসলাম।
প্রথম রাউন্ডে উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তারালি মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ইন্দ্রনগর হুসাইনবাদ ফাজিল মাদ্রাসা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতির মূল প্রতিরোধ শুরু হতে হবে পরিবার থেকেই। শিশুদের মাঝে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের বীজ বপন করতে পারলেই গড়ে উঠবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তরুণদের এ ধরনের অংশগ্রহণ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

