গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পবনাপুর এফ.এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মো. আব্দুল কুদ্দুস মিয়ার বিরুদ্ধে। তিনি বহিরাগত লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে দায়িত্ব ছাড়ার জন্য বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম সরকারকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নজরুল ইসলাম সরকার নিজেই।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্দেশনায় তিনি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এর আগে একাধিকবার দায়িত্ব পরিবর্তন হলেও সবই ছিল ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে। তবে, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস মিয়া পূর্বে দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার পরও এখন আবার ওই পদ দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম অভিযোগ করেন, কুদ্দুস মিয়া তার নিজ এলাকার জামায়াত-বিএনপি সংশ্লিষ্ট বেশ কয়েকজন বহিরাগত লোকজন নিয়ে গত ২৪ আগস্ট (রোববার) সকালে বিদ্যালয়ে গিয়ে তাকে হুমকি দেন এবং ২৭ আগস্টের মধ্যে দায়িত্ব ছাড়তে বলেন। না হলে তাকে দেখে নেওয়া হবে বলেও শাসানো হয়।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের মাঝে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে জানান নজরুল ইসলাম সরকার। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে প্রশাসন ও শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত আব্দুল কুদ্দুস মিয়া নজরুল ইসলাম সরকারের আনা সব অভিযোগ অস্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.