তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
মেঘনার ভয়াবহ ভাঙন থেকে ভোলা সদর উপজেলার শিবপুর,ধনিয়া ও দৌলতখানের মেদুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা রক্ষার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করেছে স্থানীয়রা।
আজ সোমবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিক্ষোভকারীরা দাবি করেন, এবছরের বর্ষা মৌসূমে এই ৩ টি ইউনিয়নের শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। হুমকির মুখে রয়েছে ভোলা শহর রক্ষা বাঁধসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান , বসতভিটা,হাট- বাজার ও মাছঘাট। এমনকি জেলা শহর ভোলাও মেঘনা গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। অথচ পাউবো কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না। এ অবস্থায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে তারা পাউবো কার্যালয়ে স্মারকলিপি দেন।
এ সময় তারা ভোলা চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখেন।
ঘেরাও কর্মসূচীতে আন্দোলনকারীদের পক্ষে শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর হোসেন হাওলাদার ও মাওলানা মিজানুর রহমানসহ ভুক্তভোগীরা বক্তব্য রাখেন। বক্তারা শীঘ্রই তাদের দাবি অনুযায়ী মেঘনা তীরে সি. সি. ব্লক স্থাপনসহ টেকসই বাঁধ নির্মাণ করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বিক্ষোভকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ বন্ধ করে আন্দোলনকারীরা।
পাউবোর নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ জানান , শিবপুরসহ ভাঙনকবলিত এলাকায় আজ থেকেই দ্রুত গতিতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে।
তিনি আরও জানান, মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ ৪ কিলোমিটার তীর সংরক্ষণ ও ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৭ শত ৩০ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.