সাতক্ষীরা জেলা প্রতিনিধি
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে আত্মসমর্পণকারী পাঁচ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সোমবার (২৫ আগস্ট) রাতেই সাতক্ষীরা সদর থানার পুলিশ তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়।
পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাতে পশ্চিমবঙ্গের বসিরহাট মহাকুমার হাকিমপুর সীমান্তের বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন এ পাঁচ বাংলাদেশি। এরপর সোমবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে ফেরত দেয়।
এই বৈঠকে ভারতের ১৪৩ ব্যাটালিয়নের বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দেবজ্যোতি ডলি এবং বাংলাদেশের ৩৩ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম নেতৃত্ব দেন।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, নাম-ঠিকানা যাচাই শেষে সোমবার রাত ৯টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন,শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭),একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮),কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭),একই উপজেলার বেনাদোনা গ্রামের রবিউল ইসলাম (৩৫),গড়ুইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।
আটক ব্যক্তিরা জানান, কাজের সন্ধানে তারা বৈধ কাগজপত্র ছাড়া ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন সেখানেই অবস্থান করছিলেন। তবে সম্প্রতি পরিস্থিতি অনুকূল না হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে তারা বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.