Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রেলের জলাশয় বন্দোবস্তে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি 
আগস্ট ২৬, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি 

বাংলাদেশ রেল আইন ভঙ্গ করে রেল কর্মকর্তার পিতার নামে জলাশয় বন্দোবস্ত দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু করেছে পাকশী রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে পাকশী রেল অঞ্চলের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মামুন অর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম বংকিরাট মৌজার দিলপাশার রেলসেতুর নিচের বিবাদমান জলাশয় পরিদর্শন করেন। এ সময় তদন্ত কমিটির অন্য সদস্য উল্লাপাড়া রেলস্টেশনের কানুনগো মো. শরিফুল ইসলাম ও পাকশী হেডকোয়ার্টারের অফিস সহকারী মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন।

 

অভিযোগকারী মির্জা কে. ই. তুহিন জানান, ১৯৭০ সাল থেকে উক্ত জলাশয়টি রেল আইন মেনে খাজনা প্রদান করে তার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা ও চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লায়েক মির্জা বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছিলেন। তাদের মৃত্যুর পর তিনি ভোগদখলে ছিলেন। কিন্তু চলতি বছর খাজনা জমা দিতে গিয়ে জানতে পারেন, কোনো নোটিশ ছাড়াই গত ২৮ জুলাই রেলওয়ের পশ্চিমাঞ্চল রাজশাহীতে কর্মরত সংস্থাপন কর্মকর্তা এস. এম. রাশেদ ইবনে আকবর তার পিতা আলী আকবরের নামে জলাশয়টি নতুন করে বন্দোবস্ত নিয়েছেন।

 

অভিযোগে বলা হয়, এস. এম. রাশেদ ইবনে আকবর ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতি করে রেল আইনবহির্ভূতভাবে তার পিতার নামে এই বন্দোবস্ত নেন। এ ঘটনায় মির্জা কে. ই. তুহিন রেল মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক এবং পাকশী মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

 

মুক্তিযোদ্ধা পরিবারটি অভিযোগ করে বলছে, অবৈধ ইজারা বাতিল করে পুনরায় প্রকৃত ইজারাদারের নিকট হস্তান্তর করলে বিরোধের অবসান হবে।

 

তদন্ত কমিটির প্রধান মো. মামুন অর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।

 

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন মুঠোফোনে বলেন, “তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।