জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
গ্রেফতারকৃতরা হলেন—ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাহার হাওলাদারের ছেলে মো. জাহিদ (৪০) এবং একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. জিয়াউল ইসলাম জিহাদ (৩২)। জিয়াদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার গভীর রাতে উপজেলার হাসপাতাল মোড়ে ফারুকের দোকানের সামনে রাত ৩টার দিকে বেঞ্চের উপর বসে থাকা মানসিক ভারসাম্যহীন নারীকে রিকশাচালক মো. জাহিদ জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সাংবাদিক জিয়াদ ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরে তিনি ধর্ষক জাহিদকে ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে অর্থ দাবি করেন এবং শেষ পর্যন্ত নিজেই ফেসবুকে ভিডিওটি আপলোড করেন।
পুলিশ সুপার আরও জানান, ধর্ষণ ঠেকানোর পরিবর্তে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর কারণে জিয়াদকেও মামলায় আসামি করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে পুলিশ হেডকোয়ার্টার ও বিটিআরসির সহযোগিতা নেওয়া হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের দ্রুত আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.