যশোর প্রতিনিধি
যশোর ডিবির অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার রাত ৯টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) এবং একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।
ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (রেজি. নং—ট-১-২১৭৭) চাঁচড়া থেকে পালবাড়িগামী মহাসড়কে থামিয়ে তল্লাশি করে দুইজনকে আটক করা হয়। গাড়ির চালকের আসনের নিচ থেকে কস্টটেপ মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন। এই ঘটনায় ডিবির এসআই (নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.